
আমেরিকার শুল্ক আরোপের ২৪ ঘন্টা আগে দিল্লির সঙ্গে বেজিংয়ে বন্ধুত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লি ও বেজিংয়ে মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জিনপিং। তিনি লিখেছেন, হাতি ও ড্রাগনের একসঙ্গে নৃত্য করা উচিত। ২০২০ সালে লাদাখের সংঘর্ষের পর থেকে বেজিং ও নয়াদিল্লির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল।
কিন্তু ট্রাম্পের শুল্কযুদ্ধে ধাক্কা খাওয়া কমিউনিস্ট শাসকদল ভারতের কাছাকাছি আসার চেষ্টা শুরু করেছে। ভারত-সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ি, বুধবার এই শুল্কের পরিমাণ ঘোষণা হওযার কথা। আগেই বিভিন্ন জায়গায় দিনটিকে আমেরিকায় মুক্তি দিবস হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। তার আগে সোমবার কোন কোন দেশের ওপর শুল্কে খাঁড়া নামতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছে হোয়াইট হাউস। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যেমন আমদানি শুল্ক চাপায়, সেই দেশের পণ্যের ওপর ঠিক তত পরিমাণ শুল্ক চাপাবেন তাঁরা।
সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়ে দেন, পারস্পরিক শুল্ক আরোপ করার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। তবে এই বিষয়ে বিস্তারিতভাবে যা জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার ট্রাম্প জানিয়েছেন, তিনি শুনেছেন ভারত আমেরিকার পণ্যের শুল্কের হার কমাতে চলেছে। তবে এই বিষযে নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। এই প্রেক্ষাপটে ভারতকে পাশে পেতে উদ্যোগী হয়েছেন চিনা প্রেসিডেন্ট।






