পাথরপ্রতিমার ঢোলাহাটকাণ্ডে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
পাশাপাশি তাঁর অনুরোধ, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নিক। পুলিশ সূত্রে খবর, পাথরপ্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণে অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক ও তাঁর ভাই বোমা তৈরির সঙ্গে বাজি তৈরির মেলায় যোগদান করে সরকারের তরফে সবুজ বাজির সার্টিফিকেট পেয়েছিল। এদিকে, পুলিশ ইতিমধ্যেই বণিকবাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, বাড়ি বা দোকানে কোনওভাবেই বেআইনিভাবে নিষিদ্ধ বাজি মজুত রাখা যাবে না, পাথরপ্রতিমা থেকে শিক্ষা নিয়ে বজবজে মাইকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। কেউ সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। বাসন্তী পুজো উপলক্ষ্যে পাথরপ্রতিমার ঢোলাহাট এলাকায় বণিক পরিবার প্রচুর বাজি তৈরি করছিল।
কারখানার পাশাপাশি বাড়িতেও মজুত ছিল বাজি তৈরির মশলা। সোমবার রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। তাতেই বিস্ফোরণ। মারা যান পরিবারের ৮জন। তার মধ্যে শিশুরাও রয়েছে।







