
ভারতীয় পণ্যের উপর আমেরিকার চাপানো পাল্টা শুল্ক নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্ক ভাবে পর্যালোচনা করে দেখছে কেন্দ্র। খুব শীঘ্রই সমস্ত শিল্প এবং রফতানিকারক সংস্থার সঙ্গে কথা বলে শুল্ক পরিস্থিতি মূল্যায়ন করে দেখার চেষ্টা করা হবে।
বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপ এবং ঘোষণার প্রভাব অত্যন্ত সাবধানতার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিকশিত ভারতে’র দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, সমস্ত ভারতীয় শিল্প এবং রফতানিকারক সংস্থাদের সঙ্গে যোগাযোগ করছে বাণিজ্য দফতর, যাতে নতুন এই শুল্ক সম্পর্কে সকলের প্রতিক্রিয়া জানা যায়।সে সবের ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করে দেখা হচ্ছে। শুধু তা-ই নয়, মার্কিন বাণিজ্য নীতিতে এই নতুন বদলের ফলে ভারতের সামনে কী কী সুযোগ আসতে পারে, সে সবও খতিয়ে দেখছে কেন্দ্র।এদিকে আগামী ৫ এপ্রিল থেকে আমেরিকায় রফতানি করা সমস্ত পণ্যের উপর সর্বজনীন ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
তার পর দেশ-ভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। অর্থাৎ, আমেরিকায় রফতানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ এবং ১০ এপ্রিল থেকে বাকি ১৬ শতাংশ শুল্ক কার্যকর হবে।প্রসঙ্গত, আপাতত একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই চুক্তির প্রথম পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে রয়েছে দুই দেশ।
