
আইপিএলে এই প্রথম বার ছেলে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখতে মাঠে উপস্থিত হন তাঁর বাবা পান সিংহ ধোনী ও মা দেবকী ধোনী। চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। দিল্লির ইনিংসের ১২ তম ওভারে হঠাৎ ক্যামেরায় দেখা যায় পান সিংহ ও দেবকীকে। তাঁদের দেখানোর পাশাপাশি ক্যামেরায় তখন ধোনিকেও দেখানো হচ্ছিল।
ধোনির বাবা-মাকে জায়ান্ট স্ক্রিনে দেখতে পেয়ে চিৎকার শুরু হয়ে যায়। চেন্নাইয়ের মাঠে বাউন্ডারির ধারে অতিথিদের বসার বিশেষ বন্দোবস্ত রয়েছে। সেখানেই বসেন তাঁরা। অন্য একটি টেবিলে বসেছিলেন ধোনির স্ত্রী সাক্ষা ও কন্যা জিভা। অর্থাৎ পুরো পরিবার খেলা দেখতে গিয়েছিলেন। জানা গিয়েছে, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম ধোনির খেলা দেখতে তাঁর বাবা-মা মাঠে গিয়েছেন।
