
হাওড়ার সাঁকরাইলে গোডাউনে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজনের। শনিবার দুপুরে সাঁকরাইলের আলমপুর মোড়ে থার্মোকলের গোডাউনে হঠাৎ করেই বিধ্বংসী আগুন লেগে যায়।
দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মুহূর্তে পুরো কারখানায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভিতরে এক শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে আগুনের জেরে কারখানা থেকে বেরতে পারে নি বছর আঠারোর আকাশ হাজরা। তুলসিবেড়িয়ার বাসিন্দা আকাশ ওই কারখানার কর্মী ছিল।
খবর পৌঁছতেই আকাশের পরিবারের তরফে কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রচন্ড গরমে মেশিন হিট হয়ে যাওয়ায় আগুন ছড়িয়েছে।
