
আগামিকাল শেষ হতে চলেছে মাদুরাইয়ে সিপিএম-এর ২৪তম পার্টি কংগ্রেস। সিপিএম-এর পরবর্তী সাধারণ সম্পাদক পদে কে বসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে।
প্রয়াত সীতারাম ইয়েচুরির পর এই গুরুত্বপূর্ণ পদে কারা আসতে পারেন, তা নিয়ে দলীয় অন্দরে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এম এ বেবি এবং অল ইন্ডিয়া কিসান সভার সভাপতি অশোক ধাওয়ালের নাম বিশেষভাবে উঠে আসছে। সূত্রের খবর, ২০১২ সাল থেকে পলিটব্যুরোর সদস্য এম এ বেবি পদটির অন্যতম প্রধান দাবিদার। কেরালা ইউনিটের পূর্ণ সমর্থন রয়েছে তাঁর পেছনে। তাঁর প্রতি পশ্চিমবঙ্গ ইউনিটেরও সমর্থন রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নামও আলোচনায় থাকলেও তিনি রাজ্যে সংগঠনের কাজেই মনোনিবেশ করতে আগ্রহী বলে সূত্রের দাবি।
তেলেঙ্গানা থেকে পলিটব্যুরোর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা বি ভি রাঘবুলুর নামও ঘুরছে। কেউ কেউ চাইছেন, দলে আগ্রাসী এবং স্পষ্টবক্তা হিসেবে পরিচিত বৃন্দা কারাতকেও বিবেচনায় আনা হোক।







