
আইএসএল ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরুর ম্যাচের ২ দিন আগেই কার্যত টিকিটের জন্য হাহাকার শহরজুড়ে। বৃহস্পতিবার অনলাইন টিকিট দেওয়া হচ্ছিল। মুহূর্তেই সোল্ড আউট হয়ে গিয়েছে।
আইএসএল কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়ে দিয়েছে ফাইনালের আরও কোনও টিকিট অবশিষ্ট নেই। যদিও এই ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ নয়। প্রতিযোগিতার ফাইনাল হওয়ায় এই ম্যাচের আয়োজক এফএসডিএল। এই ম্যাচে মোহনবাগান, বেঙ্গালুরুকে সমান সংখ্যক টিকিট দেওয়া হবে। সদস্যদের টিকিট দিতে আগেভাগেই এফএসডিএলের থেকে টিকিট কিনে নিয়েছে মোহনবাগান ক্লাব। বৃহস্পতিবার বিকেলে প্রথম লটের টিকিট অনলাইনে বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তার পরেও বাগান সমর্থকরা আশায় ছিলেন। বেশি টাকা দিয়েও টিকিট নিতে চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে। শনিবার আইএসএল ম্যাচের ফাইনাল।
মুখোমুখি হবে মোহনবাগান, বেঙ্গালুরু। বেঙ্গালুরু তথা ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, আর বাংলার ছেলে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা।
