
আমেরিকা নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখতেই পাল্টা শুল্ক চাপানোর ভাবনাচিন্তা আপাতত থেকে পিছু হঠেছে ইউরোপীয় ইউনিয়ন। পারস্পরিক শুল্কের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, আলোচনার পথ যদি খোলা থাকে, সেটিকেই আগে কাজে লাগাতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
সেই কারণে ইউরোপীয় বাজারে মার্কিন পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে একই সঙ্গে উরসুলা জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনা সন্তোষজনক না-হলে ফের এই পাল্টা শুল্কের বিষয়ে ভাবনাচিন্তা করবে ইউরোপীয় ইউনিয়ন।
