
রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থানের পর শনিবার ধর্মতলায় গান্ধীমূর্তির সামনে নতুন করে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।
যদিও এখনও এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ শিক্ষক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর রাতে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন আন্দোলনকারীরা। গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। ভোর হতেই ফাঁকা হয়ে যায় অবস্থান স্থল। বিক্ষোভকারীরা জানিয়েছেন এমনিতেই সল্টলেকের এসএসসি ভবন ৩ দিন ছুটি। তাছাড়া রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে তাঁরা চান না। এজন্যই ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে অবস্থানে থাকবেন। যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে মিরর ইমেজ সামনে আনা হচ্ছে, ততক্ষণ তাঁরা কোনও মতেই অবস্থান থেকে সরবেন না।
পাশাপাশি ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরে অবস্থান চলবে। সেখানে অন্তনত ১৫০ জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অবস্থানে বসবেন। ইতিমধ্যে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল।
