
মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ফুরফুরে মেজাজে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ইনস্টাগ্রামে গান দিয়ে তা পোস্ট করতেই বিতর্কের আগুন যেন দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবং তৎপরবর্তী অশান্তিতে মুর্শিদাবাদের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, পুলিশকে গুলি চালাতে হয়েছে।
এই পরিস্থিতিতে সাংসদের আরামের বিকেল-কে ভাল চোখে দেখছেন না অনেকেই। তাঁর পোস্টের নীচে একে একে ধেয়ে যাচ্ছে প্রশ্নবাণ—মুর্শিদাবাদের খবরাখবর রাখেন? যা নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদ জ্বলছে আর তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন রবিবারের দুপুরের খাবারের সঙ্গে ফটোশ্যুট করছেন।
যখন মুর্শিদাবাদের সংখ্যাগুরু মানুষরা প্রাণভয়ে ছুটছেন, চিল্লাছে, কাঁদছে তখন এক প্লেট ট্যাংরা, পালং শাক এবং ভাত-র ছবি পোস্ট করছেন সাংসদ। এরপরই সুকান্তর হুঁশিয়ারি, খুব শীঘ্রই, এই মানুষরাই তৃণমূলের প্রতিটা সাংসদ-বিধায়ককে ছুটিতে পাঠাবে স্থায়ী। এক্স পোস্ট : সুকান্ত।
