
ওয়াকফ নিয়ে দিনভর দফায় দফায় অশান্তি আর তারপর ভাঙড়ের শোনপুর বাজারে অগ্নিসংযোগ করা হয়েছে কলকাতা পুলিশের ৫টি বাইকে। ভাংচুর চালানো হয়েছে পুলিশের জিপ ও ভ্যানেও।
প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে রয়েছে পুলিশের প্রিজন ভ্যান। ইট বৃষ্টি চলতে থাকে পুলিশের উদ্দেশ্যে। সোমবার সকালে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসন্তী হাইওয়ের কাছে শোনপুর বাজারে একটি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়ে দফায়-দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে রাফ। তবে শুধু ভাঙড় নয়, ওয়াকফের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়েছে মৌলালির রামলিলা ময়দানে। পাশাপাশি বাসন্তী হাইওয়েতে আইএসএফ কর্মীদের আটকাতে ব্যবস্থা নেয় পুলিশ। জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া হয় ব্যারিকেড। আন্দোলনকারীদের দল ওই জায়গায় পৌঁছলেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড টপকানোর চেষ্টা শুরু হলে লাঠিচার্জ করে পুলিশ।তাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ।বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়েছে প্রচুর গাড়ি।
