
মুর্শিদাবাদের অশান্তি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের প্রথম বৈঠক হয়েছে বুধবার। সামশেরগঞ্জ থানায় ওই বৈঠকে সিটের প্রধান তথা রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন।
বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার প্রসঙ্গ উঠেছে এসেছে বলে খবর। সিটের ২০ জন সদস্যের মধ্যে সুপ্রতিম সহ ৯ জন বৈঠকে হাজির ছিলেন বলে খবর। ওয়াকফ আইনের বিরোধিতায় জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ, বুলিয়ানে অশান্তি ছড়িয়ে পড়ে। অশান্তির জেরে ৩ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তে বুধবার ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ। সুপ্রতিম সরকারের নেতৃত্বে ওই দলে রয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং সুতি, সামশেরগঞ্জ এবং ফরাক্কার ওসিরা।
এদিকে ৩ দিনের মধ্যে কোনও হিংসার ঘটনা না ঘটায় ধীরে ধীরে ছন্দে ফিরছে ধুলিয়ান, সুতি। বেশকিছু দোকানপাট খুলেছে। রাস্তায় লোকও বেরিয়েছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও এখনও মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।







