
ওয়াকফ সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিলেও, পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রও জানিয়েছে, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তা তারা মানবে। মামলার পরবর্তী শুনানি ৫ মে। মামলাকারীদেরও উদ্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশ, পাঁচটি পিটিশন বাছাই করা হোক। ওই পাঁচটি পিটিশনকে প্রধান পিটিশন হিসাবে গণ্য করে শুনানি হবে। শুনানি চলাকালীন তুষার মেহতা আরও এক সপ্তাহ সময় চান। ওই সময়ে ৯ এবং ১৪ নম্বর ধারায় কোনও নিয়োগ হবে না বলে জানিয়েছেন তিনি। ওই ধারাতেই ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে মুসলিম সদস্যের সংখ্যা সীমিত রাখা হয়।
ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে গুচ্ছ আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তী রায় বা নির্দেশ বুধবারেও দেয়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দ্বিতীয় শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে গঠিত তিন সদস্যের বেঞ্চ। তবে ওয়াকফ আইন নিয়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তা নিয়ে গভীর উদ্বেগ করেছিল আদালত।
