
বহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিক্স কার্ড বাজারে আনছে এনভিডিয়া। এই সিরিজে রয়েছে তিনটি মডেল। যার মাঝে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে। তুলনামূলক কমদামি আরটিএক্স ৫০৬০ ,নন-টিআই মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে, তাতেও থাকবে ৮ জিবি ভিডিও মেমোরি।
এনভিডিয়ার জিফোর্স মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট ওয়েবলিং জানিয়েছেন, আরটিএক্স ৫০৬০ সিরিজ গেমারদের জন্য নতুন প্রজন্মের পারফরম্যান্স এবং এআই-ভিত্তিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে এসেছে মাত্র ২৯৯ ডলারে।তিনি আরও বলেছেন,উন্নত এনভিডিয়া ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে নির্মিত এবং ডিএলএসএস ৪ প্রযুক্তি সমৃদ্ধ এই নতুন জিপিইউ সিরিজটি ১০০ টিরও বেশি গেমে উন্নত গ্রাফিক্স, উচ্চ ফ্রেমরেট এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে।আরটিএক্স ৫০৬০ সিরিজের সব কার্ডেই রয়েছে ডিএলএসএস ৪ প্রযুক্তি, যার মাধ্যমে মাল্টি ফ্রেম জেনারেশন, সুপার রেজলিউশন এবং এনভিডিয়া রিফ্লেক্স চালু রাখা সম্ভব। এতে ফ্রেমরেট বাড়ানো, রেজলিউশন উন্নত করা এবং ল্যাটেন্সি কমানো সম্ভব হয়।ফলে তুলনামূলক কম খরচে সাধারণ গেমাররাও হাই-এন্ড গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
এছাড়া,রে-ট্রেসিং ক্ষমতা থাকার কারণে আলো, ছায়া ও প্রতিচ্ছবিগুলো বাস্তবধর্মীভাবে ফুটে ওঠে, যা গেমিং অভিজ্ঞতা বাড়ায়।এনভিডিয়ার প্রকাশিত বেঞ্চমার্ক অনুযায়ী, ডেল্টা ফোর্স গেমে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ফ্রেমরেট ৫০৬০-এর তুলনায় ১০০ থেকে ১৩০ এফ পি এস পর্যন্ত বেড়েছে। নতুন কার্ডগুলো ৪ গুণ ফ্রেম জেনারেশন সাপোর্ট করে, যেখানে আগেরগুলো ২ গুণে সীমিত ছিল।
