হাফ ম্যারাথনে দৌড়াল মানবসদৃশ রোবট

0
147
ছবি সৌজন্যে : এক্স

হাজার হাজার মানুষের সঙ্গে পা মিলিয়ে যন্ত্রচালিত পা ফেলে ইতিহাসে প্রথমবারের মতো হাফ ম্যারাথনে অংশ নিয়ে এগিয়ে চলল মানবসদৃশ ডজনখানেক দোপেয়ে রোবট। চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় ভোরে এমনই অভিনব দৃশ্যের জন্ম হয়েছে। এ আয়োজন চীনের প্রযুক্তিগত অগ্রগতির এক সাহসী প্রদর্শন।২১ কিলোমিটার দীর্ঘ এই দৌড় অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হাই-টেক শিল্পাঞ্চল ই-টাউন এলাকায়।এর মূল লক্ষ্য ছিল বাস্তব পরিবেশে দুই পায়ে চলা রোবটগুলোর ক্ষমতা যাচাই করা।

স্টার্টারের গুলির শব্দে যখন দৌড় শুরু হয়,তখন পেছনে বেজে চলেছে চীনা পপ গান,আই বিলিভ। রোবটগুলো একে একে সারিবদ্ধভাবে হাঁটা শুরু করে। সাধারণ দৌড়বিদরাও রাস্তায় সারিবদ্ধ হয়ে মোবাইল ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল এই অভিনব দৃশ্য শুট করতে।একটি ছোট আকৃতির রোবট পড়ে গিয়ে কিছুক্ষণ মাটিতে শুয়ে ছিল,পরে নিজেই উঠে দাঁড়ালে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। দেখতে ট্রান্সফরমারের মতো ও প্রপেলারচালিত অন্য একটি রোবট শুরুতেই রেলিংয়ে ধাক্কা খেয়ে এক ইঞ্জিনিয়ারের ওপরে পড়ে যায়।ই-টাউনের ব্যবস্থাপনা কমিটির উপ-পরিচালক লিয়াং লিয়াং বলেছেন,মানুষের কাছে এটি হয়তো ছোট এক কদম, কিন্তু হিউম্যানয়েড রোবটের কাছে এটি এক বিশাল লাফ।

রোবটের সঙ্গে তাল মিলিয়ে দৌড়ান ইঞ্জিনিয়াররাও।জানা গেছে,চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী রোবটগুলোর উচ্চতা ছিল ৭৫ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন সর্বোচ্চ ৮৮ কেজি পর্যন্ত।প্রতিযোগিতায় কিছু রোবট স্বয়ংক্রিয়ভাবে দৌড়েছে, আবার কিছু পরিচালিত হয়েছে ইঞ্জিনিয়ারদের রিমোট নিয়ন্ত্রণে। মানুষের ও রোবটের জন্য আলাদা ট্র্যাক নির্ধারিত ছিল।