
কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসাবে হায়দরাবাদে কর্মরত ছিলেন তিনি।
জানা গিয়েছে, মনীশ হায়দরাবাদ থেকে বৌ-মেয়েক নিয়ে পরিবার-সহ ছুটিতে পহেলগাঁওতে গিয়েছিলেন। এদিকে ঝালদা থেকে তাঁর মা বাবা ও পরিবারের আরও কয়েকজন মঙ্গলবারই রওনা দিয়েছিলেন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে। ডালটনগঞ্জে পৌঁছে এই দুর্ঘটনার কথা জানতে পারে পরিবার। খবর পেয়ে শোকাহত অবস্থায় সবাই পুরুলিয়ায় ফিরে এসেছেন। তাঁর ভাই দীনেশরঞ্জন বলেছেন, বৌদি, সন্তানদের নিয়ে মনীশ অযোধ্যা ও হরিদ্বার হয়ে কাশ্মীরে পৌঁছেছিলেন। সেখান থেকেই তাঁদের বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। কিন্তু তারপরেই সবশেষ।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝালদার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘমুন্ডি রোড এলাকায়। বুধবার তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।








