
সংগীতশিল্পী সনু নিগম,অসাধারণ কণ্ঠস্বর ও সুরেলা গায়কির জন্য তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত। এবার ফেক অ্যাকাউন্ট-এর জন্য বিপাকে পড়েছেন সংগীতশিল্পী।
তার নামে অনলাইনে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।শুধু তাই নয়, শিল্পীর নাম ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সম্প্রতি একটি পোস্টে সনু নিগম সোশ্যাল মিডিয়ার কমিউনিটি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এক্স-এ কিছু অ্যাকাউন্ট তার নাম ও পরিচয় ব্যবহার করে খোলা হয়েছে।ফ্যানদের উদ্দেশে সতর্কতা জানিয়ে সনু লিখেছেন, তাঁর নজরে এসেছে যে কেউ কেউ অনলাইনে তাঁর পরিচয়ের অপব্যবহার করছেন। দয়া করে মনে রাখবেন, তাঁর টিমের কেউ কোনও কারণে তাঁর পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি।সনু নিগম আরও বলেছেন, যদি কেউ নিজেকে তাঁর টিমের সদস্য বলে দাবি করেন এবং হঠাৎ যোগাযোগ করেন, তাহলে দয়া করে সাবধান হবেন। শুধু তাই নয়, ওই পোস্টে সনু উল্লেখ করেছেন, গত ৮ বছর ধরে তিনি এক্স-এ নেই। এরপরও তার নামে তৈরি করা ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোস্ট করা হচ্ছে। সনুর ভাষায়, তিনি গত আট বছর ধরে টুইটার বা এক্স-এ নেই। কিছু অ্যাকাউন্টের পোস্ট মানুষ তাঁর বলে মনে করতে পারে, সেগুলো আসলে অন্য কেউ চালাচ্ছে। প্রায়শই তাঁর নামে বিতর্কিত নানা পোস্টও করা হয়।
অনলাইনে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংগীতশিল্পী সনু নিগম তার ফ্যানদের পরামর্শ দিয়েছেন,যদি কখনও এই ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে কোনো বার্তা পান, তবে তৎক্ষণাৎ রিপোর্ট ও ব্লক করুন।
