
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক।
আমিনুলের বেফাঁস মন্তব্য, পুলওয়ামা, পহেলগাঁও হামলা সবই সরকারের ষড়যন্ত্র। তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ বিধায়ককে গ্রেপ্তার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত ৬টি ধারায় দায়ের হয়েছে মামলা। উল্লেখ্য ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন অন্তত ৪০ জন জওয়ান।সেবারও পাক সন্ত্রাসবাদীদের হাত ছিল হামলায়। এবার পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ পর্যটকের প্রাণ গিয়েছে। এমন পরিস্থিতিতে এই হামলাকে ,সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন অসমের বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক আমিনুল। তবে এনিয়ে বদরুদ্দিন আজমল অবশ্য দলীয় বিধায়কের পাশে দাঁড়াননি। তিনি সাফ জানিয়েছেন, এসব বক্তব্য তাঁদের দল সমর্থন করে না। তাঁরা মনে করেন, ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই দরকার। ইসলামের নামে এরা বদনাম করছে। তাই এই পরিস্থিতিতে আমিনুলের বক্তব্য সমর্থন করে না। এরপরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বা যারা পাক মদতপুষ্ট এই সন্ত্রাসকে সমর্থনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেনই। ওই বিধায়কের বক্তব্য ভালো করে শোনা হয়েছে,উনি পাকিস্তানকে সমর্থন করছেন।
এটা বিপজ্জনক। তাই মামলা দায়ের করা হয়েছে।





