
২৪ বছর আগের দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের করা মানহানি মামলায় গ্রেফতারের কয়েকঘন্টার মধ্যে ১লক্ষ টাকা বেল বন্ডে মুক্তি দেওয়া হয়েছে সমাজকর্মী মেধা পাটকরকে।
গুজরাটে নর্মদা নদীতে বাঁধ দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ মেধা পাটকরের আন্দোলনের বিরোধিতা করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার সংগঠন। তার পাল্টা একটি প্রেস বিবৃতি জারি করেছিলেন মেধা। ওই বিবৃতিতে তিনি দাবি করেছিলেন, হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচারের সঙ্গে যুক্ত সাক্সেনা। তাকে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর এজেন্ট বলেও চিহ্নিত করেছিলেন মেধা।
এর পরেই ২০০১ সালে আহমেদাবাদের একটি আদালত প্রবীণ সমাজকমীর বিরুদ্ধে মানহানির মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০৩ সালে মামলাটি দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। ওই মামলায় সাজাপ্রাপ্ত মেধা পাটকর গত বছর জামিনে মক্তি পেয়েছিলেন। কিন্তু প্রবেশন বন্ড জমা না দেওয়ার জন্য বুধবার আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।







