
ইরানের বন্দর শহর আব্বাসে জোরালো বিস্ফোরণে অন্তত ৫০০ জন জখম হয়েছেন। শনিবার ইরানের দক্ষিণ প্রান্তে ওই শহরের শাহিদ রাজাই বন্দরে বিস্ফোরণটি হয়েছে। কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ হরমুজগান প্রদেশে অবস্থিত শহীদ রাজাই বন্দরের বিষয়ে জরুরি সেবা বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই ঘটনায় ৫১৬ জন আহত হয়েছে এবং শত শত মানুষকে আশপাশের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আহতের সংখ্যা।
রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই বন্দরকে ইরানের সবচেয়ে আধুনিক কনটেইনার বন্দর হিসেবে বর্ণনা করেছে সরকারি বার্তা সংস্থা ইরনা। এই বন্দর হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেলের সরবরাহ হয়।বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত ইরানের প্রশাসন কিছু জানায়নি। যদিও স্থানীয় সংবাদমাধ্যমকে ইরানের এক আধিকারিক জানিয়েছেন, বন্দরে রাখা কন্টেনারগুলির মধ্যে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে ওমানে। ঘটনাচক্রে, ঠিক সেই সময়েই এই বিস্ফোরণটি ঘটেছে। জেরুজ়ালেম পোস্টে দাবি করা হয়েছে, যে জায়গায় বিস্ফোরণটি হয়েছে, তার অদূরেই ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ,আইআরজিসি-এর একটি নৌসেনা ঘাঁটি রয়েছে।
যদিও এই বিস্ফোরণের সঙ্গে ইজ়রায়েলের যোগ অস্বীকার করেছে ইজ়রায়েলি সশস্ত্র বাহিনী।বিস্ফোরণের সময়ের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। অন্য একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েক জন সেখানে জখমদের উদ্ধারের চেষ্টা করছেন।
