পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ

0
211
ছবি সৌজন্যে : এক্স

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে এসে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অনুষ্ঠানে দু’ নেতার মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়।এটি ছিল ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে হওয়া তিক্ত বাকবিতণ্ডার পর তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।

ওই সময় ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে তিরস্কার করেছিলেন।এদিকে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার আগে ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি সই হওয়ার খুব কাছাকাছি অবস্থা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ মন্তব্য করেছেন।প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে দু’ পক্ষের মধ্যে একমত হওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত উচ্চপর্যায়ের বৈঠক করে চুক্তি সম্পন্ন করতে তিনি উৎসাহিত করছেন। তবে মস্কো ও আমেরিকার আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়ার ওপর নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি হলে ভূখণ্ড বিষয়ক আলোচনায় বসা যেতে পারে।

বিশ্লেষকদের ধারণা, আমেরিকার দেওয়া শান্তি প্রস্তাব বাস্তবায়িত হলে রাশিয়া দখল করা ইউক্রেনের বড় একটি অংশ ছেড়ে দিতে পারে। তবে ক্রিমিয়া প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ক্রিমিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণে তার সমর্থন রয়েছে। জেলেনস্কি অবশ্য এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন।