
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুসের সংক্ষিপ্ত বক্তৃতার পর এক সাংবাদিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে আমেরিকার পক্ষ থেকে কোনও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে জানতে চান।
ওই সাংবাদিক বলেছেন, হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করছে। অর্থাৎ, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের কোনও না কোনও সংযোগ ছিল বলে দাবি করছে দিল্লি। এই বিষয়ে আমেরিকার কোনও অতিরিক্ত প্রতিক্রিয়া আছে কি না? আমেরিকা কি মনে করছে এই ঘটনার পেছনে পাকিস্তানের ভূমিকা আছে? এছাড়া দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আমেরিকার কোনও কূটনৈতিক প্রচেষ্টা আছে কি না?জবাবে আমেরিকা, ভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেছেন, এই বিষয়টি শুরুতেই তুলেছিলেন, কারণ ঘটনাটি সত্যিই ভয়াবহ। তবে আপাতত এটুকুই আমেরিকার মন্তব্যের সীমা হবে। শুধু এটুকু বলতে পারেন যে, যেমনটা সাংবাদিকরা অনুমান করতে পারেন, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমেরিকা তা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে,স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ট্যামি ব্রুস কাশ্মিরে হামলার ইস্যুর ওপর বেশ জোর দেন। তিনি বলেছেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন যে, আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সন্ত্রাসবাদের সব কাজকর্মের তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে আমেরিকা।








