
পহেলগাঁওয়ে এতো মৃত্যুর জন্য নিজের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দায় জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশনে সোমবার নিন্দাপ্রস্তাব পাশ হয়েছে।
আর সেখানেই পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ওমর আবদুল্লা।সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, এই ঘটনা গোটা দেশকে প্রভাবিত করেছে। অতীতেও অনেক হামলা দেখা গেছে। কিন্তু এমন বড় মাপের হামলা গত ২১ বছরে দেখা যায়নি বৈসরনে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি জানেন না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইবেন। আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো তাঁর কর্তব্য ছিল। কিন্তু তিনি তা পারেন পারিনি। ক্ষমা চাওয়ার কোনও ভাষা তাঁর কাছে নেই।বস্তুত, কেন্দ্রীয় সরকার বা জম্মু ও কাশ্মীর সরকারের মধ্যে এই প্রথম প্রথম সারির কোনও নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে ঘটনার দায়স্বীকার করলেন।উল্লেখ্য,জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সরাসরি ওমরের সরকারের কোনও যোগ নেই।সেনা এবং আধাসেনা বাহিনী যথাক্রমে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ।জম্মু ও কাশ্মীর বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার পুলিশি ব্যবস্থাও লেফটেন্যান্ট গভর্নরের অধীনে থাকে।
দাবি করা হয়,পহেলগাঁও কাণ্ডের পর সংসদ ভবনে সর্বদল বৈঠকে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কথা স্বীকার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তবে কেন্দ্রের তরফে ব্যর্থতার বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যের কথা জানা যায়নি।




