
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা করেছেন।ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি ৮ মে থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিজয় উদযাপনের সময়ের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে,রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মানবিক বিবেচনায় এই যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।বিবৃতির অনুবাদে বলা হয়েছে, রাশিয়া মনে করে, ইউক্রেনীয় পক্ষেরও উচিত এই উদাহরণ অনুসরণ করা।যদি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে। রাশিয়া আবারও শান্তি আলোচনায় কোনো শর্ত ছাড়া অংশ নিতে প্রস্তুতির কথা ঘোষণা করছে, যার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণগুলো দূরীকরণ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা।অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে অন্তত ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়।পাশাপাশি তারা প্রশ্ন তুলেছে, কেন মস্কো তিন দিনের যুদ্ধবিরতি ৮ মে পর্যন্ত বিলম্বিত করতে চাইছে।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র, যা ইঙ্গিত করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন দিনের যুদ্ধবিরতিকে আমেরিকার প্রেসিডেন্ট সন্তোষজনক মনে করছেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প উভয় দেশের নেতাদের প্রতি ক্রমাগত হতাশ। তিনি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চান।









