
গোয়ার শিরগাঁও মন্দিরে শোভাযাত্রার ভিড়ের চাপে হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে অনন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মন্দিরের বার্ষিক শোভাযাত্রার জন্য গোয়া, মহারাষ্ট্র এবং কর্নাটকের হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। রীতি মেনে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যায়। তবে শোভাযাত্রা শুরু হতেই আচমকা ঠেলাঠেলি শুরু হয়ে যায়। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। চারিদিকে আর্তনাদ, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রথমে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলে ঘটনার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।




