
টাইগার অভি জিন্দা হ্যায়। আবারও চেনা চেহারায় টুটু বসু। নির্বাচনের আগে হঠাৎ করেই মোহনবাগানের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন টুটু বসু।
শনিবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন ছেলের হয়েই ভোটপ্রচার করবেন। ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্তকে নাম না করেও আক্রমণ করে টুটু বসু বলেছেন ক্লাবের নির্বাচনকে ঘিরে তাঁর পরিবারেও ফাটল ধরানোর চেষ্টা হয়েছে। কিন্তু সে অপচেষ্টা কোনওদিন সফল হবে না। শনিবার বালিগঞ্জের বাড়িতে সাংবাদিক বৈঠক করে টুটু বসু বলেছেন নৈতিকতার কারণে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। নিজে নির্বাচনে না পুরোপুরি ছেলের হয়ে প্রচার করবেন। বয়সের ভার এবং অশক্ত শরীর নিয়ে প্রয়োজনে হুইল চেয়ারে বসেও প্রচারে যাবেন তিনি। প্রাক্তন মোহনবাগান সভাপতি বলেছেন সৃঞ্জয় বসুকে ভোট দেওয়া মানেই তাঁকে ভোট দেওয়া। মোহনবাগানের নির্বাচনে এবার প্রবলভাবে লড়াইয়ে রয়েছেন ছেলে সৃঞ্জয় বসু।
দেবাশিস দত্ত-র বিপরীতে লড়াইয়ে ছেলের সচিব পদ নিশ্চিত করতেই এবার মাঠে নামছেন টুটু বসু। তিনি বলেছেন মোহনবাগানে ৬ হাজার রিনিউ মেম্বার রয়েছেন। অন্তত ৫ হাজার মেম্বার ভোট দিলেই খেলা ঘুরে যাবে।







