
সোমবার ওয়াকফ মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাটি পাঠানো হয়েছে শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাই-র বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে। সোমবার ওয়াকফ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।
সংক্ষিপ্ত শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, বিস্তারিত শুনে এবং খতিয়ে দেখে, তবেই সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কোনও নির্দেশিকায় যাবে শীর্ষ আদালত। এইসঙ্গে স্পষ্ট করেন, যেহেতু ১৩ মে অবসর নেবেন তিনি। ফলে পরবর্তী শুনানি ১৫ মে ওয়াকফ মামলা উঠবে পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে। বিচারপতি খান্না বলেছেন, দুটো বিষয়ে বলার রয়েছে।
তিনি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ দিতে চান না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। সংসদের দু’কক্ষে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। ৮ এপ্রিল রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হয়। যদিও সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে।
