
শাহরুখ খান প্রথমবারের মতো মেট গালার আয়োজনে অংশ নিয়েছেন। আর মেট গালায় তারকাদের পোশাক ও সাজের দিকে চোখ থাকে ফ্যাশন দুনিয়ার।
এদিকে আগে অনেকবারই নিজের ঘড়ি প্রীতির কথা বলেছেন শাহরুখ। জানিয়েছেন, জন্মদিনে ঘড়ি উপহার পেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। এবার জানা গিয়েছে, মেট গালার জন্যও বিশেষ একটি ঘড়ি বেছে নিয়েছিলেন অভিনেতা। যার দাম চমকে ওঠার মতোই। শাহরুখ খানের হাতের এই সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ কোটি টাকা। কেবল ঘড়ি নয়, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কেড়েছেন শাহরুখ। তাঁর পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট।গলায় হীরা, পান্না ও সোনার গয়না,বিশেষ নজর কেড়েছে হীরাখচিত ইংরেজি কে অক্ষরের লকেট।হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ।সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।শাহরুখ বলেছেন, তাঁর সন্তানেরা মেট গালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল। সব্যসাচী যখন আমন্ত্রণ জানালেন,ওরা খুব খুশি হয়। তিনি নিজে থেকে আসতেন কি না, জানেন না। এটাই হয়তো তাঁর প্রথম ও শেষ মেট গালা।উল্লেখ্য শাহরুখ ছাড়াও এ বছর মেট গালায় প্রথমবার অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম্পসহ লালগালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন। এ ছাড়া ছিলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
