উপগ্রহচিত্রে বহাওয়ালপুর ও মুরিদকের ধ্বংসের ছবি

0
117
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁওয়ে জঙ্গিহানার বদলা অপারেশন সিঁদুর-র প্রায় ৩০ ঘণ্টা পর উপগ্রহচিত্রে প্রকাশ্যে এসেছে পাকিস্তানে ধ্বংসের আরও ছবি।
কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ওই ছবিগুলি প্রকাশ্যে এনেছে ম্যাক্সার টেকনোলজিস নামে এক সংস্থা। আর তাতেই ধরা পড়েছে পাকিস্তানের বহাওয়ালপুর এবং মুরিদকেতে হামলার পরবর্তী চিত্র। বহাওয়ালপুরের উপকণ্ঠে জাতীয় সড়কের ধারে প্রায় ১৫ একর জমি জুড়ে রয়েছে জৈশ-ই-মহম্মদ-এর প্রধান প্রশিক্ষণ এবং প্রচারকেন্দ্র। সেখানেই ছিল মারকাজ শুভান আল্লা কমপ্লেক্স। ছিল শুভান আল্লা মসজিদও। ভারতের প্রত্যাঘাতের পর সেই ইমারতগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার আগে ও পরের উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ভেঙে পড়েছে মসজিদের তিনটি গম্বুজ। ইমারতের স্থানে স্থানে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। দেওয়াল এবং মেঝেয় একাধিক গর্ত। কোথাও আবার ছাদের একাংশও ভেঙে পড়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়। এই ন’টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। এদিকে, বালোচ লিবারেশন আর্মি-র দু’টি পৃথক হামলায় মৃত্যু হয়েছে ১৪ জন পাকিস্তানি সেনা জওয়ানের।
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের বোলান এবং কেচ এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বালোচিস্তানের স্বাধীনতার দাবিতে সরব বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা।