
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে এবার তৎপর জি- সেভেন দেশগুলি। পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথ বিবৃতি পেশ করেছে জি-সেভেন গোষ্ঠীভুক্ত ৭টি দেশ। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকার বিদেশমন্ত্রীদের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি। উল্লেখ্য,২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ২৬ জন।
যার বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার পালটা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত।বেছে বেছে শুধুমাত্র জঙ্গি সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়। এই হামলায় প্রাণ যায় শতাধিক জঙ্গির। যদিও ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে,এই নিখুঁত হামলা শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করে চালান হয়েছে।পাকিস্তানের সেনা বাহিনী বা সাধারণ নাগরিকদের যাতে কোনও ক্ষতি করা হয়নি। তবে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলার ঘটনার পালটা ভারতের অসামরিক নাগরিকদের নিশানা করে পাকিস্তান।
এদিকে গত কয়েকদিন ধরে বেলাগাম ড্রোন হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফে।পালটা জবাব দিচ্ছে ভারতও।আগেই পহেলগাঁও হামলার ঘটনায় আলাদা আলাদা ভাবে নিন্দা জানিয়েছিল বিশ্বের বেশিরভাগ দেশ। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত জি- সেভেন পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথভাবে বিবৃতি পেশ করল।
