
অপারেশন সিঁদুরে ভারত নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। যারা ভারতমাতার ওপর আক্রমণ করেছিল, যারা ভারতীয় নারীদের কপালের সিঁদর মুছেছিল, অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উত্তরপ্রদেশের লখনউয়ে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের কারখানা উদ্বোধনে উপস্থিত হয়ে এই দাবি করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারতের ইচ্ছাশক্তি এবং সামরিক শক্তির দৃঢ়তার প্রদর্শন।
অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত ইচ্ছার প্রতীক। তাঁর আরও সংযোজন, অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। তারা বুঝে গিয়েছে সীমান্তে ও পারেও তারা নিরাপদ নয়। গোটা দেশ ভারতীয় সেনাকে স্যালুট করছে।
