
অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, তা স্থগিত রাখা হচ্ছে। জাতির উদ্দেশে ভাষণে একথাই সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় সেনার পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করে প্রধানমন্ত্রী অপরেশন সিঁদুরের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে স্যালুট জানিয়েছেন ভারতের সেনা, সশস্ত্র বাহিনী, একাধিক এজেন্সি এবং দেশের বিজ্ঞানীদের। বলেছেন, ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছলে কতখনি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে গোটা বিশ্বের উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে। এরপর একই ধরণের কোনও অশান্তি হলে, ভারত কিন্তু তার মোক্ষম জবাব দিতে প্রস্তুত রয়েছে। স্টেট স্পনসর্ড টেররিজম-এর বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। প্রত্যেকটি যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তানকে পর্যদুস্ত করেছে। অপারেশন সিঁদুর-এও ভারতের তিন বাহিনী সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। একইসঙ্গে, মেড ইন ইন্ডিয়া হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী।
সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি হিসেবে গণ্য করা হবে। এটা দেশের নতুন একটি পরিচয়।
