
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে বাঁকুড়ায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। জানা গিয়েছে, মৃতদের নাম প্রেম সুন্দর ও কিষাণ পাল।
তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনায় একজন আহতও হয়েছেন বলে খবর। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে সকালে মর্মান্তিক দুর্ঘটনার জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বিক্ষোভে শামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা। সোমবার রাতের দিকে ঝড়বৃষ্টি হয় বাঁকুড়া-সহ নানা জেলায়। তাতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ চিমনির সঙ্গে থাকা নির্মাণ সংস্থার একটি লোহার মাচা আলগা হয়ে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে যান। কাজের ফাঁকে বিশ্রামের জন্য ভেঙে পড়া ওই লোহার মাচাটির নিচে বসেছিলেন। সেসময় আচমকা তা ভেঙে পড়ে দুই শ্রমিকের মাথার উপর।
ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। কর্তৃপক্ষের তরফে এখনও দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।








