
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে মার্জার চুক্তির মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বড় ছেলের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি বিটকয়েন মাইনিং স্টার্টআপ। আমেরিকান বিটকয়েন নামের কম্পানিটি ইতিমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত,গ্রাইফন ডিজিটাল মাইনিং ইনক-এর সঙ্গে স্টক-ফর-স্টক মার্জার চুক্তি করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সংযুক্ত কম্পানিটি আমেরিকান বিটকয়েন নামেই পরিচালিত হবে এবং এবিটিসি নামে শেয়ারবাজারে লেনদেন হবে।এটি মার্কিন বিটকয়েনের বর্তমান ব্যবস্থাপনা টিমের নেতৃত্বে চলবে।আমেরিকান বিটকয়েনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কর্তা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেছেন,তাঁদের লক্ষ্য হলো এমন একটি বিটকয়েন প্ল্যাটফরম গড়ে তোলা, যা বাজারের সবচেয়ে বিনিয়োগযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।
ফ্লোরিডাভিত্তিক হাট এইট করপোরেশন এই বছরের শুরুতে এরিক ট্রাম্পের সঙ্গে অংশীদারিতে আমেরিকান বিটকয়েন প্রতিষ্ঠা করে।এই ব্যবসার ঘোষিত লক্ষ্য হলো, বিশ্বের সবচেয়ে বড় বিশুদ্ধ বিটকয়েন মাইনিং অপারেশন গড়ে তোলা এবং কৌশলগতভাবে একটি ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ গঠন করা।
