
সিরিয়ার উপর চাপানো দীর্ঘ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা আগেই জানিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, সিরিয়ার অন্তর্বতী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তাঁর বৈঠক করারও সম্ভাবনা তৈরি হয়।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, পশ্চিম এশিয়া সফরের সময়ই ট্রাম্প বুধবার সৌদি আরবে সিরিয়ার অন্তর্বতী প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাতে সম্মত হয়েছেন। বুধবার দুপুরে আহমেদের সঙ্গে সাক্ষাৎও করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাশার আল-আসাদের সময়েই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। এখন আর সিরিয়ার গদিতে বাশার নেই। আহমেদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে সে দেশে।
সিরিয়ার রাজনৈতিক পালাবদলের পর এ বার তাদের উপর নিষেধাজ্ঞা তোলার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকের পর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তখনই নিষেধাজ্ঞা তোলার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
