
তুরস্কের সংস্থাই নয় তারা, বিবৃতি দিয়ে এমনই দাবি করে সেলেবি অ্যাভিয়েশন ইন্ডিয়া। শুধু তাই নয়, ওই সংস্থার দাবি, তাদের সঙ্গে কোনও রাজনীতির যোগাযোগ নেই। তাদের সংস্থার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্দোয়ানের মেয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছে ওই সংস্থাটি।
ভারত সরকার ওই সংস্থার সুরক্ষা ছাড়পত্র বাতিল করার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেলেবি অ্যাভিয়েশন। সম্প্রতি ভারতের ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ওই সংস্থার সুরক্ষা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছে।
অর্থাৎ ভারতের বিমানবন্দর গুলিতে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় ওই সংস্থাকে নিয়ে যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর দাবি করা হয়েছে সংস্থার তরফে। তাদের আরও দাবি, সুমেয় নামে কেউ তাদের মূল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত নন।








