
ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু, সেনার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী কামান তার প্রত্যেকটিকে নিষ্ক্রিয় করেছে। অন্যদিকে ভারতের ওপর হামলার সময় পরমাণ অস্ত্র বহনে সক্ষম শাহিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। কিন্তু পাক সেনার সেই হামলা প্রতিহত করা হয়েছিল।
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল, জানিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারে কার্তিক সি শেষাদ্রি জানিয়েছেন, হামলা হতে পারে আশঙ্কায় আগে থেই নিরাপত্তার ছাতায় ঢেকে ফেলা হয়েছিল স্বর্ণ মন্দির। তাই সেখানে আচড় পর্যন্ত পড়েনি।
এর আগে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, দেশের বেশ কয়েকটি সেনাঘাঁটি, শহর লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল পাক সেনা। সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে। অমৃতসর, জন্ম, শ্রীনগর, পাঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভুজ লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল সেনা। সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
