গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National নাক ভাঙল উড়ানের, রক্ষা তৃণমূলের প্রতিনিধিদলের 

    নাক ভাঙল উড়ানের, রক্ষা তৃণমূলের প্রতিনিধিদলের 

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    প্রবল ঝড়বৃষ্টির জেরে দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার ইন্ডিগোর বিমানের সামনের নাক ভেঙে বিপত্তি। অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তৃণমূলের কাশ্মীরগামী প্রতিনিধিদল। শ্রীনগরগামী যে ইন্ডিগোর উড়ানটিতে তাঁরা যাত্রা করছিলেন সেটি মাঝ আকাশে তীব্র ঝঞ্ঝার মধ্যে পড়ে। শ্রীনগরের কাছাকাছি পৌঁছনোর পর শুরু হয় প্রবল শিলাবৃষ্টি।

    ভারী শিলার আঘাতে উড়ানটির নাক অর্থাৎ সামনের অংশ ভেঙে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন পাইলট। তবে সন্ধে সাড়ে ছ’টা নাগাদ উড়ানটি শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে নামাতে সক্ষম হন পাইলট। এদিকে, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের রাজধানীর বিস্তীর্ণ অংশ।ঝড়ের কারণে দিল্লির লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। মৃত্যু হয় প্রতিবন্ধী এক ব্যক্তির। উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় ২২ বছরের এক তরুণের। বুধবার রাত পর্যন্ত দিল্লির নানা এলাকা থেকে অন্তত ১১ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়।

    অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। তা ছাড়া অল্প সময়ে ভারী বৃষ্টি হওয়ায় দিল্লির নানা রাস্তায় জল জমে যায়। শুরু হয় যানজট। দুর্যোগ শুরু হওয়ার পরেই দিল্লির বিদ্যুৎ বণ্টন সংস্থা রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়। অন্যদিকে, শিলাবৃষ্টি এবং ঝড়ের জেরে দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজধানীর মেট্রো পরিষেবা।