
ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন করা নিয়ে জামায়াতের আমির ডা শফিকুর রহমান-র হুঁশিয়ারির দিনই নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনকে।
তাঁর জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে। আদেশে বলা হয়, মহম্মদ জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহম্মদ রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। এদিকে, সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের অন্তর্বর্তী সরকারের উপর চাপসৃষ্টির পরই কার্যত একই সুর শোনা গিয়েছে জামায়াতের আমির ডা শফিকুর রহমান-র গলায়। জামায়াত আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করে।তিনি আরো বলেছেন, এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। অন্যদিকে, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত। মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ঢাকায় সেনানিবাসের সেনা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেছেন, নির্বাচন প্রসঙ্গে তাঁর অবস্থান আগেই মতোই রয়েছে। তাছাড়া দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।
