
নির্ভরযোগ্য পিএসএলভি রকেটের ব্যবহার আপাতত স্থগিত রেখেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জুন মাসের অভিযানে অন্য একটি রকেটকে বরাত দেওয়া হয়েছে। আগামী ১৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ব্যবহার করা হবে জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্ল বা জিএসএলভি এফ-১৬ রকেট।
ইতিমধ্যে সেই মর্মে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে।আগামী মাসে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথ ভাবে বিশ্বের সবচেয়ে দামি আর্থ ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। তার নাম নিসার।
নাসা এবং ইসরোর যৌথ প্রচেষ্টায় ১৫০ কোটি ডলার খরচ করে এই কৃত্রিম উপগ্রহটি বানানো হয়েছে। এর উৎক্ষেপণে পিএসএলভি ব্যবহার করা হচ্ছে না। পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটি পাঠাতে চেয়েছিল ইসরো। গত রবিবার সেই অভিযান ব্যর্থ হয়েছে।
