
টিউশন সেরে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর ওপর রাসায়নিক ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়। জানা গিয়েছে উত্তরপাড়ার শান্তিনগর একে রোড ধরে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল ওই ছাত্রী।
সেই সময় এক যুবক অতর্কিতে ওই ছাত্রীর ওপর রাসায়নিক তরল ছুড়ে পালায়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ওই যুবককে ধাওয়া করলেও ধরতে পারেনি। স্থানীয়রাই ওই ছাত্রীকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঠিক কি রাসায়নিক ছাত্রীর ওপর ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখে যুবককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
