
কাত্যায়নীর পর দ্বিতীয় বাচ্চার নাম কি হবে। তা নিয়ে যখন যাদব পরিবার আলোচনায় ব্যস্ত, তখন অ্যাপোলো হাসপাতালে গিয়ে তেজস্বী যাদবের সদ্যোজাতকে দেখে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর্শীবাদ করে তেজস্বী এবং তাঁর স্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী লালপ্রসাদ যাদবের সঙ্গেও দেখা করেছেন। তেজস্বী যাদবের ছেলেকে হাসপাতালে দেখে এসে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভীষণ খুশি। বাবা-মায়ের মত ফুটফুটে সন্তান হয়েছে। লালুপ্রসাদের সঙ্গে তিনি দেখা করেছেন। চান তাঁরা খুশি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ৯ মাস ধরেই তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। দ্বিতীয় সন্তানের খবর তিনি সবার আগে পেয়েছেন বলেও জানিয়েছেন। এদিকে বড় ছেলে তেজপ্রতাপকে নিয়ে যখন নাজেহাল, তখন যাদব পরিবারে নতুন সদস্য আসায় প্রত্যেকেই খুব খুশি। তেজস্বী যাদব জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লোকাল গার্ডিয়ান। প্রথম বাচ্চার নাম কাত্যায়নী দিয়েছিলেন। এই বাচ্চার নাম সবাই মিলে ঠিক করবেন। বাবা যেটা বলবেন সেটাই হবে। পুত্রসন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী লালুপুত্র তেজস্বী যাদব। সদ্যোজাতকে দেখতে স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশাকে নিয়ে কলকাতায় এসেছেন লালুপ্রসাদ। সোমবার দুপুরে বিমানবন্দরে লালুপ্রসাদকে দেখে কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।
বিহার নির্বাচনকে মাথায় রেখে তাঁর কলকাতা সফর কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার সকালে তারই উত্তর মিলেছে।




