
সবাই জানেন,আমরা যা খাই, তার হজম, পুষ্টি গ্রহণ ও রোগ প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে আমাদের অন্ত্র বা গাট। তাই শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি। বদহজম, গ্যাস্ট্রিক বা পেটের বিভিন্ন সমস্যার পেছনে অনেক সময়ই দায়ী থাকে অন্ত্রের অস্বাস্থ্যকর অবস্থা।
তবে ঘরোয়া কিছু খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেলে সহজেই অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব।এখন প্রশ্ন হলো,কোন কোন উপাদান অন্ত্রের যত্নে সবচেয়ে কার্যকর।উত্তর হলো,আদা।আদা একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।গরম জলেতে মিশিয়ে আদার রস পান করলে কিংবা কাঁচা আদা চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে।এ ছাড়া গ্যাস-অম্বল, বমিভাব, বদহজমের মতো সমস্যা সহজে কমে যায়।নিয়মিত আদা খাওয়ার ফলে হজমকারী এনজাইমের ক্ষরণ বাড়ে। যা খাবার সঠিকভাবে হজম করতে সাহায্য করে এবং শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি।আবার,খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুললে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।রসুনে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য রক্ষা করে।এটি শুধু হজমেই সাহায্য করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তবে রসুন খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত রসুন হজমের জন্য সমস্যা তৈরি করতে পারে।ওদিকে হলুদের মূল উপাদান কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি। গরম দুধে বা গরম ভাতে কাঁচা হলুদ বা সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে অন্ত্রের প্রদাহ কমে এবং তা পরিষ্কার রাখতে সাহায্য করে।নিয়মিত হলুদ খাওয়া শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে। কেবল অন্ত্র নয়, বরং গোটা শরীরেই এর উপকারিতা ছড়িয়ে পড়ে।
আসলে,অন্ত্রের যত্ন মানেই শরীরের যত্ন।আদা, রসুন, হলুদের মতো প্রাকৃতিক উপাদানকে খাদ্যতালিকায় নিয়মিত জায়গা দিলে শরীর থাকবে হালকা, হজমশক্তি থাকবে ঠিকঠাক, আর আপনি পাবেন ভেতর থেকে আসা সুস্থতা।
