
এই সময় বৃষ্টি আসার নির্দিষ্ট কোনো সময় থাকে না।এই আকাশ ভালো তো কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি। বৃষ্টির দিনে চামড়ার জুতো রক্ষা করা একটু কঠিন।
জলেতে ভিজে গেলেই চামড়া নরম হয়ে যেতে পারে, রং উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে।তবে কিছু সহজ যত্নে চামড়ার জুতোকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। এই অবস্থায় বৃষ্টির দিনে চেষ্টা করুন চামড়ার জুতো না পরে বাইরে বের হতে। বর্ষার জন্য আলাদা রাবারের বা ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করাই ভালো। জুতো যদি ভিজেই যায় তাহলে যত দ্রুত সম্ভব শুকিয়ে নিতে হবে।তবে কখনোই সরাসরি রোদে শুকাবেন না। এতে চামড়া শক্ত ও ফেটে যেতে পারে।বরং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন এবং ভেতরে পুরনো খবরের কাগজ পুরে দিন,যাতে আর্দ্রতা শোষণ করে এবং জুতোর আকৃতি ঠিক থাকে।তারপর,জুতোর ওপর মাটি বা কাদা জমে থাকলে তা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।প্রয়োজনে সামান্য ভেজা কাপড় ব্যবহার করুন। তবে ব্যবহার শেষে ভালোভাবে শুকিয়ে নিতে ভুলবেন না।সেইসঙ্গে বর্ষার আগে ও মাঝেমাঝে চামড়ার জুতোয় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার ব্যবহার করুন। এতে জুতোর ওপর একটি সুরক্ষা স্তর তৈরি হয়, যা জলের প্রভাব কমায় এবং জুতোকে নমনীয় রাখে। দীর্ঘ সময় চামড়ার জুতো না পরলে তা ভালোভাবে মোড়ানো অবস্থায় স্যাঁতসেঁতে মুক্ত জায়গায় রাখুন। ভেতরে সিলিকা জেল প্যাক বা কাঠকয়লা রাখতে পারেন, যা আর্দ্রতা শোষণ করে ফাঙ্গাস ও দুর্গন্ধ রোধ করে।শেষে, নিয়মিত জুতোর যত্ন নিন, তা শুধু জুতোর সৌন্দর্যই নয়, টেকসই ব্যবহারের নিশ্চয়তাও দেয়। বর্ষার সময় একটু বাড়তি সচেতনতা ও যত্নই চামড়ার জুতো দীর্ঘদিন ব্যবহার করতে সাহায্য করবে।
