
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের দূরত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। এ বার তা আরও প্রকট হয়ে উঠেছে। ট্রাম্পের ব্যয় সংক্রান্ত বিল বাতিল করার জন্য আমেরিকার সাধারণ নাগরিককেই ডাক দিয়েছেন টেসলা কর্তা মাস্ক। তাঁদের আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে এই বিল বাতিল করানোর কথা বলেছেন তিনি। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার ফেরার পর থেকে তাঁর প্রায় ছায়াসঙ্গী হিসাবে দেখা যাচ্ছিল ইলন মাস্ককে।
কিন্তু সেই সময় বদলেছে। ট্রাম্পের এই ব্যয় সংক্রান্ত বিল নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছেন মাস্ক। ট্রাম্প যেখানে বিলটিকে বড় সুন্দর বলে ব্যাখ্যা করে চলেছেন, তখন ইলন মাস্কের দাবি, এই বিল আইনে পরিণত হলে আমেরিকার দেনা বৃদ্ধি পাবে। এক্স হ্যান্ডলে সংস্থার কর্তা নিজেই লিখেছেন, নিজের সেনেটরকে বলুন, কংগ্রেস সদস্যদের বলুন, আমেরিকাকে দেউলিয়া করে তোলা ঠিক নয়,বিলটা বাতিল করুন। এর পরে আরও একটি পোস্ট দিয়ে বিলটিকে ঋণের দাসত্ব করার বিল বলেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, আমেরিকার ইতিহাসে এই বিল সর্বাধিক ঋণ বৃদ্ধি করবে। এটা আসলে ঋণের দাসত্বের বিল।এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন নিজে এই বিলের হয়ে প্রচার চালাচ্ছেন, তখন মাস্কের এ হেন সমালোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
টেসলা কর্তা সরাসরি ট্রাম্পের সমালোচনা করেননি। বিলের বিরোধিতা করেছেন। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত মাস্কের বিল নিয়ে এই বিরোধিতা করার সুযোগ নিচ্ছে বিরোধীরা। বিরোধী ডেমোক্র্যাটরাও সরব হয়েছে। প্রশাসনের একটি সূত্র মনে করছে, মাস্কের এই সমালোচনার কারণে সরকারের বিল পাশ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে।








