
ঋণের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে দামি ফোন কেনার অভিনব প্রতারণার অভিযোগে কোন্নগর থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিধাননগর সিটি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন সৌমিক ভট্টাচার্য নামে কোন্নগরের বাসিন্দা ওই যুবক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে নিতেন। এরপর সেই তথ্য জমা দিয়ে দামি ফোন কিনতেন। সেই ফোনের ইএমআই ওই ব্যক্তির ঘাড়ে চাপত। অন্তত ১০০ জন এই প্রতারণার ফাঁদে পড়েছেন। পুলিশের অনুমান এইভাবে কয়েক কোটি টাকার প্রতারণা করেছেন এই যুবক। প্রতারিতা পুলিশে অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ। এরপরেই কোন্নগর থেকে সৌমিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির কানাইপুরের বাসিন্দা অরূপ দে জানিয়েছেন তিনিও প্রতারিত হয়েছেন। তাঁর নামে ১ লাখ ৩০ হাজার টাকার ইএমআইতে ফোন কেনা হয়েছে।
তাঁর দাবি ঋণের জন্য সৌমিককে তথ্য দিয়েছিলেন। কোন্নগরের আরেক বাসিন্দা মৌমিতা সিংয়ের অভিযোগ প্রায় ৪ লাখ টাকার ফোন কিনতে সৌমিক তাঁর এবং পরিবারের নথি ব্যবহার করেছেন।
