
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কেন দুর্ঘটনার কবলে পড়েছিল, তা পৃথক ভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাড়ষুর মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে দেশে উড়ান সংক্রান্ত যে নির্দিষ্ট বিধি বা এসওপি রয়েছে, তাও খতিয়ে দেখবে ওই কমিটি। নিরাপত্তা সংক্রান্ত কী কী বিধি বর্তমানে মানা হয়ে থাকে, তা পর্যালোচনা করে দেখবেন কমিটির সদস্যরা। কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সদস্য হিসাবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরাও। বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যরা।
বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে। যদিও ইতিমধ্যেই ওই অভিশপ্ত বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।







