
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল এবার দল গোছাচ্ছে আরও শক্তভাবে। জানা গেছে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে অল রেডরা। প্রাথমিকভাবে ভিরৎজকে কিনতে লিভারপুলের খরচ হচ্ছে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড।
তবে পারফরম্যান্স-ভিত্তিক বোনাস মিলিয়ে এই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে।এতে নতুন করে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে যাচ্ছে অল রেডরা।এদিকে এখন পর্যন্ত প্রাথমিক ট্রান্সফার ফি হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি,২০২৩ সালের জানুয়ারিতে এনসো ফের্নান্দেসকে বেনফিকা থেকে দলে নিতে দিয়েছিল ১০ কোটি ৭০ লাখ পাউন্ড।একই বছরের অগাস্টে কাইসেদোকে কিনতে চেলসির সম্ভাব্য মোট ব্যয় ছিল ১১ কোটি ৫০ লাখ পাউন্ড।সেই তুলনায় ভিরৎজকে ঘিরে লিভারপুলের প্রস্তাব তাদের ক্লাব ইতিহাসেরই সর্বোচ্চ ব্যয় হয়ে দাঁড়াবে।এর আগে ২০২২ সালে দারউইন নুনেসকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড ,বোনাসসহ ৮ কোটি ৫০ লাখ পাউন্ড। আর ২০১৮ সালে ফন ডাইককে দলে নিতে খরচ করেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড। উল্লেখ্য,ভিরৎজকে পাওয়ার দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে মনে করা হচ্ছে জার্মান এই মিডফিল্ডারের পছন্দ ছিল লিভারপুল।
মাত্র ১৭ বছর বয়সে বায়ার লেভারকুসেনের মূল দলে অভিষেক হয় ভিরৎজের।এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২৩-২৪ সিজনে লেভারকুজেনের প্রথম বুন্ডেসলিগা শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা, হয়েছেন সিজনের সেরা খেলোয়াড়।জার্মান জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ৩১ বার, গোল করেছেন ৭টি।








