
২০ জুন লিডসে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ। তবে এবারের সিরিজে থাকছে এক বড় পরিবর্তন,২০০৭ সাল থেকে চালু থাকা পতৌদি ট্রফির বদলে এবার খেলাটি হবে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে।নতুন নামকরণে সম্মান জানানো হয়েছে টেস্ট ক্রিকেটের দুই কিংবদন্তি,শচিন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনকে।
টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন এবং ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের সম্মানে সিরিজটির নতুন নামকরণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড,ইসিবি।২০০৭ সালে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি। ট্রফিটির নাম ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নামে। যিনি ভারতীয় ক্রিকেটে তার অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য আজও সম্মানিত। আর ভারতে অনুষ্ঠিত সিরিজগুলোর নাম ছিল অ্যান্টনি ডি মেলো ট্রফি, প্রাক্তন বিসিসিআই সভাপতির নামানুসারে।
তবে হঠাৎ করেই পতৌদি ট্রফির জায়গায় নতুন ট্রফি চালু করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিসিসিআই সূত্র জানিয়েছে, তারা ইসিবিকে অনুরোধ করেছে, অন্তত কোনো একটি ট্রফির নাম পতৌদির নামে রাখার জন্য।বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন,সিরিজের নামকরণ ইসিবির এখতিয়ার। এটা তাদের হোম সিরিজ, বিসিসিআইয়ের এখানে কোনো সিদ্ধান্ত নেই।








