
কুলতলির খাঁচাবন্দি সেই বাঘকে লঞ্চ থেকে জঙ্গলে ফেরালো বনদফতর। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় খাঁচা বন্দি বাঘকে লঞ্চ করে নিয়ে আসে বনদফতরের কর্মীরা।
এরপর খাঁচা খুলতেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে উঠে জঙ্গলে মিলিয়ে যায়। শনিবার সুন্দরবনের কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ে ছাপ দেখতে পেয়ে বনদফতরে খবর দেন স্থানীয়রা। এরপরেই রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদফতর।
তাতেই ভোররাতে ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর বিকেলে জঙ্গলে ফেরানো হয়।
